Logo

জাতীয়

জবি শিক্ষার্থীদের দাবি পূরণের প্রতিশ্রুতি উপদেষ্টা নাহিদের

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১১:১৬

অ
জবি শিক্ষার্থীদের দাবি পূরণের প্রতিশ্রুতি উপদেষ্টা নাহিদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি আগামী ৩ দিনের মধ্যে পূরণের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের এই প্রতিশ্রুতি দেন তিনি।

শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত জানিয়ে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কষ্টে থাকে। তাদের হল নেই। শিক্ষার্থীদের দ্বিতীয় ক্যাম্পাসের দাবি সম্পূর্ণ যৌক্তিক। তাদের দাবির সাথে আমি পুরোপুরি একমত। আমরা তিন দিনের মধ্যে হল করে দিতে পারব না, তবে আর্মির কাছে হস্তান্তর করতে পারি। কিন্তু এর জন্য আমাদের বসতে হবে। 

সচিবালয়ে শিক্ষার্থীদের অপমান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যে সচিব ও সংশ্লিষ্টরা শিক্ষার্থীদের অপমান করে ফিরিয়ে দিয়েছে, এর জন্য তারা ক্ষমা চাইবে।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা হলের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য তিন কর্মদিবসের মধ্যে লিখিত স্টেটমেন্ট চাই। আর সেই সাথে হিট প্রজেক্টের ব্যাপারে আজকেই সিদ্ধান্ত চাই। আমাদের সামনে শিক্ষা উপদেষ্টাকে এসে আজই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে।

এর আগে, ৫ দফা দাবিতে সচিবালয় ঘেরাও করে অবস্থান নেয় কয়েক হাজার শিক্ষার্থী। সোমবার বেলা ১১টার দিকে শিক্ষা ভবনের সামনের মোড় অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। এ সময় ১২ সদস্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে সচিবালয়ে প্রবেশ করে। কিন্তু শিক্ষা সচিব দেখা না করায় সচিবালয় ঘেরাও করে কয়েক হাজার শিক্ষার্থী।

জেএন/এটিআর/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন