বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা জানা যাবে বৃহস্পতিবার সন্ধ্যায়। এদিন বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বায়তুল মোকাররম সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
কমিটি জানায়, ওইদিন বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে নির্ধারিত ফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তা জানাতে অনুরোধ করা হয়েছে।
এ বছর দেশে রোজা শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি। সে হিসাবে বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে ২৯ রোজা পূর্ণ হবে এবং শুক্রবারই উদযাপিত হবে পবিত্র ঈদ। আর চাঁদ দেখা না গেলে ৩০ রোজা পূর্ণ করে শনিবার উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব।
এদিকে ঈদকে কেন্দ্র করে দেশজুড়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে, অপেক্ষা এখন শুধু এক টুকরো চাঁদের।

