ঈদের বার্তায় ঐক্য ও সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১৭:৪৮
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফইল ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, “আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ঈদুল ফিতর জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। তিনি বলেন, “ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করব।”
রোজার শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই সাধনা মানুষকে আত্মসংযমী করে এবং অন্যের কষ্ট অনুভব করার মানসিকতা তৈরি করে, যা সমাজে সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব জাগ্রত করে।
তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
প্রধানমন্ত্রী আহ্বান জানান, ঈদের আনন্দের দিনে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করার।
সবশেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত যেন সবার জীবনে বর্ষিত হয় এবং দেশ ও জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।

