Logo

জাতীয়

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১২:০৬

অ
চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম আদালতে তোলা হয় তাকে। পরে দুই পক্ষের যুক্তিতর্ক শুনে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‌‘শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন।’

চিন্ময়ের শুনানিকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই আদালতের প্রবেশমুখে সতর্ক অবস্থানে ছিলেন পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা । নিরাপত্তা জোরদার করা হয় আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায়।

এর আগে, গত ৩ ডিসেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত থাকলেও আসামিপক্ষের কেউ ছিলেন না। তাই আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আজ পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছিলেন।

অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে ভারতে অবস্থান করছেন। তবে তিনি ভারত থেকে কবে বাংলাদেশে ফিরবেন তা নিয়ে রয়েছে ধুম্রজাল।

আজ আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসাবে উপস্থিত ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনি সাবেক ডেপুটি এটর্নি জেনারেল।

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন