সংগৃহীত
দেশে হামের উচ্চ সংক্রমণ ঠেকাতে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে। প্রাথমিকভাবে ১৮ জেলার ৩০টি উপজেলায় শিশুদের হাম-রুবেলা টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংক্রমণের হার বিবেচনায় অগ্রাধিকার তালিকায় সবার ওপরে রয়েছে বরগুনা সদর উপজেলা।
যে ৩০ উপজেলায় টিকা দেওয়া হবে
কর্মসূচির আওতায় যেসব উপজেলায় টিকাদান কার্যক্রম চালানো হবে, সেগুলো হলো- বরগুনা সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, চাঁদপুরের হাইমচর ও সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, রাজশাহীর গোদাগাড়ী, শরীয়তপুরের জাজিরা।
লক্ষ্যমাত্রা ১২ লাখ শিশু
সরকারি সূত্র জানিয়েছে, এ জরুরি কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সি মোট ১২ লাখ ৩ হাজার ২৬৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কেন জরুরি এই উদ্যোগ
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় সংক্রমণ বেড়ে যাওয়ায় দ্রুত টিকাদান কর্মসূচি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হামের বিস্তার রোধে এই টিকাদান কর্মসূচিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করা গেলে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশেরখবর/আরকে

