Logo

জাতীয়

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৭

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে তাকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম মঙ্গলবার সকালে গণমাধ্যমকে বলেন, শিরীন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তিনি এখন ডিবির হেফাজতে আছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তবে শিরীন শারমিন চৌধুরীকে কোন মামলায় বা কী কারণে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিবি কিছু জানায়নি।

শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক স্পিকার। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এর পর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন।

জুলাই গণ–অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুনশি।

শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। ২ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন