Logo

জাতীয়

নবনির্বাচিত দুই এমপির শপথ রোববার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১৮:২৫

নবনির্বাচিত দুই এমপির শপথ রোববার

বগুড়া-৬ ও শেরপুর-১ আসন থেকে নবনির্বাচিত দুই সংসদ সদস্য (এমপি) রেজাউল করিম বাদশা ও মাহমুদুল হক রুবেলের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার (১২ এপ্রিল)।

এদিন দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে নতুন দুই সংসদ সদস্যকে শপথ পড়াবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শনিবার (১১ এপ্রিল) সংসদ সচিবালয় সূত্র থেকে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, স্পিকারের কাছে শপথ নেওয়ার পর নবনির্বাচিত দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন। শপথগ্রহণ অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বগুড়া-৬ আসনের (সদর) বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন মোট ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট। অর্থাৎ প্রায় ৭৬ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বাদশা। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন এবং ভোট পড়েছে ৪২.৪৯ শতাংশ।

একই দিন অনুষ্ঠিত শেরপুর-৩ আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। তিনি মোট ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। বাসদের মিজানুর রহমান পেয়েছেন মাত্র ৪৮০ ভোট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রথমে নির্বাচিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসনেও তিনি নির্বাচিত হন। পরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বগুড়া-৬ আসনটি তিনি ছেড়ে দেন। ফলে শূন্য হয় আসনটি এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, শেরপুর-১ আসনে একজন বৈধ প্রার্থী নির্বাচনের আগে মৃত্যুবরণ করায় আসনটির ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। ১২ ফেব্রুয়ারি সেখানে ভোট হয়নি। গত ৯ এপ্রিল বগুড়া-৬ এর সঙ্গে শেরপুর-১ আসনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন