সংগৃহীত
সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবের মধ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ২৪ জন শিশু ও রোগী। একই সময়ে নতুন করে হাম শনাক্ত হয়েছে ৭২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে আক্রান্ত হয়ে সরাসরি মারা গেছেন ৪৯ জন। আর একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ২৩৫ শিশু।
এদিকে দেশের হাসপাতালগুলোতে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৯১১ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ২২৫ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি, চোখ লাল হওয়া বা দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
বাংলাদেশেরখবর/আরকে

