লিমনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৭:২৭
পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন লিমনের স্বজনরা, সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ দেশে পৌঁছেছে।
সোমবার (৪ মে) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে লিমনের লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশ সরকারের পক্ষে তা গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এরপর, প্রতিমন্ত্রী বিমানবন্দরে উপস্থিত লিমনের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে তার লাশ হস্তান্তর করেন। এ সময় তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত যোগাযোগ আছে।
সেইসঙ্গে, যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করবে এবং হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সরকার নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পাশে আছে বলে উল্লেখ করেন শামা ওবায়েদ ইসলাম।
প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক, নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে সরকারের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
লাশ দেশে আনা, গ্রহণ ও হস্তান্তরের প্রক্রিয়ার সার্বিক ব্যবস্থাপনা করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
উল্লেখ্য, নিহত লিমনের লাশ গত ২ মে সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে প্রেরণ করা হয়। মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল ও কনসাল সেখানে উপস্থিত থেকে প্রেরণ প্রক্রিয়া তদারকি করেন।
নিহত লিমনের জানাজার নামাজ গত বৃহস্পতিবার বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়।
বিগত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার অপর বাংলাদেশী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ শনাক্তের খবর নিশ্চিত করা হয়। এর পরপরই মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট তার লাশ দেশে প্রেরণের জন্য পরিবারের কাছ থেকে সম্মতি নিয়ে, পিনালেস কাউন্টির মেডিক্যাল এক্সামিনারকে লাশটি ফিউনারেল হোমের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ জানায়।
বর্তমানে ফিউনারেল হোমের তত্ত্বাবধানে নিহত বৃষ্টির লাশ বাংলাদেশে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আগামী ৬ মে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা।
৭ মে বৃহস্পতিবার তার লাশ দেশে পাঠানোর জন্য ফিউনারেল হোম ফ্লাইট বুকিংয়ের প্রস্তুতি নিচ্ছে। মায়ামিস্থ বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল ও ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে একযোগে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের খবর/এইচআর

