আন্তর্জাতিক ফায়ারফাইটার্স ডে: স্বচ্ছ ও সেবামুখী প্রতিষ্ঠান গড়ার আহ্বান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৯:১৩
সংগৃহীত
আন্তর্জাতিক ফায়ারফাইটার্স ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানিয়েছেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
সোমবার (৪ মে) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এতে দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি ও অনলাইনে অংশ নেন।
দরবার গ্রহণ ও শ্রদ্ধা নিবেদন
অনুষ্ঠানের প্রথম পর্বে মহাপরিচালক দরবার গ্রহণ করেন। এ সময় বিশ্বের সব ফায়ারফাইটারের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
দরবারে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিকভাবে দরবার হস্তান্তর করেন। ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
উন্নয়ন কার্যক্রম ও নির্দেশনা
মহাপরিচালক তার দায়িত্বকালীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, ১ মে থেকে চালু হওয়া ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আসন্ন নিয়োগ কার্যক্রম স্বচ্ছভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
সারা দেশে বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
পেশাগত ও শিক্ষা সম্মাননা প্রদান
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাম্প্রতিক সময়ে উদ্ধার ও অপারেশন কার্যক্রমে সাহসিকতা প্রদর্শনের জন্য সারা দেশ থেকে বাছাই করা ৮০ জন কর্মকর্তা-কর্মচারীকে পেশাগত সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ঢাকা বিভাগের ১০ জনকে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের ৭৩ জন সন্তানকে শিক্ষা সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ঢাকায় ১৭ জনকে সরাসরি ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয় এবং অন্যদের নিজ নিজ বিভাগে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তদের মধ্য থেকে কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং পরে মহাপরিচালক তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
অংশগ্রহণ ও সমাপ্তি
অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন। দুপুর ১২টায় অনুষ্ঠান সমাপ্ত হয়।

বাংলাদেশেরখবর/আরকে

