কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ইঙ্গিত
শিক্ষা ডেস্ক :
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৭:৪০
সংগৃহীত
দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার- এমনটাই জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (৬ মে) চীনের আনহুই নরমাল ইউনিভার্সিটি-এর প্রেসিডেন্ট জিউং ইউজি-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, উচ্চশিক্ষার মানোন্নয়নে ইতোমধ্যে দেশের শীর্ষ প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে রয়েছে। তবে এ অবস্থান আরও শক্তিশালী করতে সরকার এখন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভেট) খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে চীনের সঙ্গে যৌথ উদ্যোগ ও সহযোগিতার সম্ভাবনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সাক্ষাতে আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জিউং ইউজি বলেন, তাদের প্রতিষ্ঠান শিক্ষক প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশের শিক্ষকদের দক্ষতা বাড়াতে এবং শিক্ষার মান উন্নয়নে দুই দেশের মধ্যে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।
তিনি ভবিষ্যতে শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের এই উদ্যোগকে দেশের দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশেরখবর/আরকে

