Logo

জাতীয়

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ০৯ মে ২০২৬, ২০:০০

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

সংগৃহীত

দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এমনটাই জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৯ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘চায়না-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন ফোরাম-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে চীনা দূতাবাস ও ‘চায়না-বাংলাদেশ এডুকেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন’।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষাখাতের উন্নয়ন অপরিহার্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে সিলেবাস, কারিকুলাম ও একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষকদের দক্ষতা উন্নয়নের ওপরও জোর দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, “শিক্ষার গুণগত মান বাড়াতে হলে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি। এ লক্ষ্যে চীনের সহযোগিতায় সাধারণ ও কারিগরি শিক্ষকদের জন্য যৌথ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের দক্ষ, যোগ্য ও বিশ্ব প্রতিযোগিতায় সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।

বাংলাদেশ ও চীনের সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে ড. মিলন বলেন, দুই দেশের সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হতে পারে শিক্ষা। এ সময় শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়েন ওয়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদ, বুয়েটের উপাচার্য ড. এবিএম বদরুজ্জামান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন