চামড়ার নতুন দাম নির্ধারণ : ঢাকায় বর্গফুট প্রতি ৬২-৬৭, বাইরে ৫৭-৬২ টাকা
বিজনেস ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৮:৩০
সংগৃহীত
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর কাঁচা চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার ঢাকার মধ্যে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম রাখা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা।
বুধবার (১৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত কুরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ মূল্য ঘোষণা করেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, চামড়া শিল্পকে সুরক্ষা দিতে এবং কুরবানির চামড়া সংরক্ষণ নিশ্চিত করতে সরকার এবারও বিশেষ উদ্যোগ নিয়েছে।
নতুন ঘোষণায় সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
চামড়া যাতে নষ্ট না হয়, সে লক্ষ্যে সরকারি অর্থায়নে সারাদেশে বিনামূল্যে লবণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এ জন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এসব লবণ পৌঁছে দেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো লবণ সরবরাহ এবং চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে চামড়া সংরক্ষণ সহজ হবে, কমবে পাচারের ঝুঁকিও। একই সঙ্গে দেশের চামড়া শিল্প ও জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
প্রতি বছরের মতো এবারও কুরবানিকে কেন্দ্র করে বিশাল চামড়া ব্যবস্থাপনা কার্যক্রম সুশৃঙ্খল রাখতে আগাম প্রস্তুতি নিয়েছে সরকার।
বাংলাদেশেরখবর/আরকে

