Logo

জাতীয়

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় বহন করবে সরকার : অর্থমন্ত্রী

Icon

স্বাস্থ্য ডেস্ক :

প্রকাশ: ১৬ মে ২০২৬, ২০:২৩

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় বহন করবে সরকার : অর্থমন্ত্রী

সংগৃহীত

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার কারণে দরিদ্র রোগীদের চিকিৎসাসেবায় বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তিভিত্তিক ব্যবস্থা চালুর কথাও জানান তিনি।

শনিবার (১৬ মে) চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল-এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, চুক্তিভিত্তিক ব্যবস্থার আওতায় দরিদ্র রোগীরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলে সেই ব্যয় সরকার বহন করবে। একই সঙ্গে স্বাস্থ্যখাতে বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়ানো এবং বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে অনেক মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করতে কাজ করছে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। তাই মেডিকেল শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আধুনিক শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া সুবিধা, ডিজিটাল লাইব্রেরি, খেলাধুলা ও বিনোদনের সুযোগ বাড়ানোর প্রয়োজন রয়েছে।

দেশে মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দক্ষ মেডিকেল টেকনোলজিস্টের অভাবে কোটি কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না।

নতুন ভবনের নকশা প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তাবিত ভবনে ৭২টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অপর্যাপ্ত। ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় অন্তত ২০০ থেকে ২৫০টি পার্কিং সুবিধা রাখা প্রয়োজন বলে মত দেন তিনি।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন