শেখ হাসিনাসহ জুলাই-আগস্টের গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে সরকার ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির কথা জানিয়েছে। গত রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন সংস্কারকাজ দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় গণহত্যাকারীদের গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ উদ্যোগ ও চেষ্টার কথা জানান তিনি।
বিশ্লেষকরা বলছেন, ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা অনেকটা জটিল। বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান ‘রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের’ জায়গা থেকেই ইন্টারপোলের মাধ্যমে আসামিদের ফেরত পাওয়া জটিল মনে করছেন তারা।
ইন্টারপোলের সহযোগিতায় শেখ হাসিনাসহ পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরত আনা সম্ভব কি না এ নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, ইন্টারপোলে কাউকে রেড অ্যালার্ট দিলেই যে তাকে দেশে ফেরত আনা যাবে বিষয়টি একদমই তেমন নয়।
সাবেক পুলিশ মহাপরিদর্শক নূরুল হুদা একটি গণমাধ্যমে বলেন, ‘ফেরত পাঠানোর বিষয়টা শুধু রেড নোটিশের মাধ্যমেই সম্ভব হয় না। সেটা সেই দেশের জুডিশিয়াল অথরিটিরও বিষয় রয়েছে।’
তিনি আরও বলেন, ‘রেড অ্যালার্ট মানে অমুক লোক, এর বিরুদ্ধে আমাদের এখানে মামলা বা ওয়ারেন্ট আছে। ওই আসামি যে দেশে আছে সেই দেশের পুলিশ বিভাগকে ওই আসামির ওপর নজর রাখতে বলবে।’
শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এ অবস্থায় ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি থাকার পরও শেখ হাসিনাকে সেই চুক্তি অনুযায়ী না চেয়ে ইন্টারপোলের সহযোগিতা কেন চাওয়া হচ্ছে? প্রশ্ন অনেকের।
ভারত ও বাংলাদেশের মধ্যে ‘প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলা’য় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দিদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে ২০১৩ সাল থেকেই।
চুক্তি অনুযায়ী, যদি কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের হয় বা তিনি দোষী সাব্যস্ত হন অথবা দেশের আদালতের কর্তৃক প্রত্যর্পণযোগ্য অপরাধ করার জন্য তাকে ফেরত চাওয়া হয়, তাহলে তাকে ফেরত দেবে বাংলাদেশ ও ভারত। তবে এ চুক্তিতে বলা হয়েছে, অপরাধটি ‘রাজনৈতিক প্রকৃতির হলে যেকোনো দেশ প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যর্পণ চুক্তি বাস্তবায়ন করার বিষয়টি শুধু আইনি বিষয় নয়, রাজনৈতিকও।
সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবির গণমাধ্যমকে বলেন, ‘মোটা দাগে বললে প্রত্যর্পণ চুক্তি বাস্তবায়ন করার বিষয়টি শুধু আইনি বিষয় নয়, রাজনৈতিকও বটে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান সম্পর্কের জায়গা থেকে শেখ হাসিনাকে চুক্তি কিংবা ইন্টারপোলের মাধ্যমে ফেরত পাওয়ার বিষয়টি অনেকটা জটিল।’
তবে ইন্টারপোলের মাধ্যমে আসামিকে ফেরত পাওয়া সম্ভব বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, ‘প্রত্যর্পণ চুক্তি অনেক বড় ব্যাপার। ইন্টারপোলের মাধ্যমে দ্রুত কাউকে ফেরত পাওয়া সম্ভব। শেখ হাসিনাকে ফেরানোর জন্য যত প্রক্রিয়া আছে সব প্রক্রিয়াই ফলো করবে সরকার।’
সূত্র : বিবিসি
জেএম/ওএফ

