Logo

জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৫:৪৬

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার (১ জুন) ভোরে তাদের নিয়ে একটি বিশেষ ফ্লাইট ঢাকায় পৌঁছায়। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ উদ্যোগে তাদের স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

জানা গেছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহায়তায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ, নির্যাতন ও মানবিক সংকটের শিকার হন।

দেশে ফেরার পর বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিবিয়ায় তাদের কঠিন অভিজ্ঞতার কথা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়। 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেক ব্যক্তিকে যাতায়াত ব্যয়, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তা দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করে যাচ্ছে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন