ডেঙ্গু মোকাবিলায় জলে-স্থলে-ছাদে নজরদারির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্য ডেস্ক :
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৭:০৬
সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দেশের প্রতিটি নাগরিককে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গুর বিস্তার রোধে জলে, স্থলে এবং ভবনের ছাদে সমানভাবে নজর রাখতে হবে, যাতে কোথাও এডিস মশার লার্ভা জন্ম নিতে না পারে।
রোববার (৭ জুন) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থাপনা’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু এখন আর সাধারণ কোনো রোগ নয়; এটি জাতীয় পর্যায়ের একটি বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় বা হাসপাতালের দায়িত্ব নয়, বরং দেশের প্রতিটি নাগরিককে এতে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
তিনি জানান, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনকে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হলেও শতভাগ মশা বা লার্ভা নির্মূল করা অত্যন্ত কঠিন। এডিস মশা প্রায় ২০০ মিটার পর্যন্ত উড়তে পারে এবং সহজেই বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে সক্ষম। ফলে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইকে আরও সমন্বিত ও ব্যাপক করতে হবে।
ডেঙ্গু পরিস্থিতিকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের নালা-নর্দমা, ডোবা, জলাবদ্ধ এলাকা এবং কচুরিপানায় আচ্ছাদিত স্থান নিয়মিত পরিষ্কার না করলে এ লড়াইয়ে সফল হওয়া সম্ভব নয়। একক কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির পক্ষে এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়; প্রয়োজন জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ।
ডেঙ্গুর ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, টিকাদান কর্মসূচি নিয়ে আলোচনা থাকলেও এটি বাস্তবায়নে বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। ব্যাপক পরিসরে ভ্যাকসিন প্রয়োগ করতে হলে বিপুল বাজেটের প্রয়োজন হবে, যা স্বাস্থ্য খাতে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। তাই ডেঙ্গুর ক্ষেত্রে চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এফ. এম. সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ মনির-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. রিয়াদ মাহমুদ।
জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলে কর্মশালায় গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশেরখবর/আরকে

