Logo

জাতীয়

হামে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৮৭

Icon

স্বাস্থ্য ডেস্ক :

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৮:৫৭

হামে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৮৭

সংগৃহীত

সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই মারা গেছে ৬ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন।

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। বাকি ৫৮৪ জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯৪৯ জনে। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৯১ হাজার ৭৮৯ জন।

পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এ বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩০৪ জন। একই সময়ে আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৭৮৩ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ টিকাদান কার্যক্রম জোরদার এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি। স্বাস্থ্য বিভাগও পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছে।

হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তারা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন