Logo

জাতীয়

‘এ বছরই দেশে ফিরব’-সব বাধা উপেক্ষার ঘোষণা শেখ হাসিনার

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক :

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৮:৪৭

‘এ বছরই দেশে ফিরব’-সব বাধা উপেক্ষার ঘোষণা শেখ হাসিনার

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

দীর্ঘ প্রায় দুই বছর দেশের বাইরে অবস্থান করার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চলতি বছরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ই-মেইল সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনৈতিক প্রতিকূলতা, নানা ষড়যন্ত্র এবং আইনি বাধা সত্ত্বেও তিনি মাতৃভূমিতে ফিরে আসবেন।

শেখ হাসিনা বলেন, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়; বরং এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের অংশ। তার ভাষায়, ‘আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই আমার সংগ্রামের মূল লক্ষ্য।’

মৃত্যুকে ভয় পান না উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৫ সালের মর্মান্তিক ট্র্যাজেডি এবং ২১ আগস্টের গ্রেনেড হামলার মতো কঠিন সময় অতিক্রম করেছেন। প্রতিবারই জনগণের পাশে থেকেছেন এবং এবারও সব বাধা অতিক্রম করে দেশের মাটিতে ফিরবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কোনো কাগুজে সংগঠন নয়; বরং এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি রাজনৈতিক দল। তিনি দাবি করেন, ৭৭ বছরের পথচলায় দলটি বহু সংকট মোকাবিলা করেছে এবং প্রতিবারই জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশবিরোধী একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে ক্ষমতার পরিবর্তন ঘটিয়েছে। তবে জনগণের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

দলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও নিষেধাজ্ঞার বিষয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কোনো সরকারের সদিচ্ছার ওপর নির্ভরশীল নয়। তার দাবি, দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ও কর্মসূচি দলটির পুনর্জাগরণের ইঙ্গিত বহন করছে।

৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় ভিত্তি—জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ওপর আঘাত এসেছে। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস, ‘জয় বাংলা’ স্লোগান নিষিদ্ধ এবং সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টার অংশ।

বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে গোপন সমঝোতার গুঞ্জনও নাকচ করে দেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আওয়ামী লীগ কারও রাজনৈতিক দয়া চায় না। গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার কোনো গোপন দর-কষাকষির বিষয় নয়; এগুলো জনগণের সাংবিধানিক অধিকার।’

ভারতে অবস্থান করলেও তার মন পড়ে আছে বাংলাদেশে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাবার সমাধি এবং দেশের মানুষের কথা প্রতিনিয়ত তাকে আলোড়িত করে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমি শেষ দিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। আমি বিশ্বাস করি, জনগণ আবারও গণতন্ত্র ফিরে পাবে এবং আওয়ামী লীগ জনগণের শক্তিতেই ঘুরে দাঁড়াবে।’

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন