ডেঙ্গুতে একদিনে পাঁচ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১৮
স্বাস্থ্য ডেস্ক :
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৭:৪৫
সংগৃহীত
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। শুধু জুন মাসেই প্রাণ হারিয়েছেন ১৩ জন।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১২৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৫ হাজার ৯২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০০ জনসহ মোট ৫ হাজার ৪৫৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়। এর মধ্যে জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন এবং মে মাসে একজন মারা যান। জুন মাসে এ পর্যন্ত আরও ১৩ জনের মৃত্যু হওয়ায় মোট প্রাণহানির সংখ্যা ১৮ জনে পৌঁছেছে।
পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং ৮ জন নারী। এছাড়া আক্রান্ত ৫ হাজার ৯২৪ জনের মধ্যে ৩ হাজার ৬৭৯ জন পুরুষ এবং ২ হাজার ২৪৪ জন নারী।
ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বাংলাদেশেরখবর/আরকে

