Logo

জাতীয়

শিক্ষা সংস্কারে যে পাঁচ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৭:৫৬

শিক্ষা সংস্কারে যে পাঁচ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

‘জিও-এনজিও কোলাবোরেশন ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ, ব্র্যাক এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষা সংস্কারে সরকারের প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের লার্নিং আউটকাম বা শেখার ফলাফল বৃদ্ধি করা। এ লক্ষ্য অর্জনে সরকার পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খাতগুলো হলো- কারিকুলাম, শিক্ষক, প্রশাসন, অবকাঠামো এবং প্রযুক্তি। ভবিষ্যতের শিক্ষা সংস্কার এসব ক্ষেত্রকে কেন্দ্র করেই বাস্তবায়ন করা হবে।

সোমবার (২৯ জুন) রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘জিও-এনজিও কোলাবোরেশন ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার কার্যকর অংশীদারিত্বের ভিত্তিতে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)গুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়। তিনি বলেন, সরকারের একক প্রচেষ্টার পরিবর্তে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও এনজিওগুলোর সম্মিলিত উদ্যোগেই শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে শিক্ষক প্রশিক্ষণের মানোন্নয়ন, শিক্ষক নিয়োগ ও বদলি ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল মনিটরিং জোরদার করা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাপনা চালু করা।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে কার্যকর পরিবর্তন আনতে হলে বাস্তবসম্মত, সম্প্রসারণযোগ্য এবং টেকসই উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। এ ক্ষেত্রে এনজিওগুলোর মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও উদ্ভাবনী মডেল কাজে লাগাতে সরকার আগ্রহী।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিশু, প্রাক-প্রাথমিক শিক্ষার্থী, নন-ফরমাল শিক্ষার আওতাভুক্ত শিশু, শহরমুখী অভিবাসী পরিবারের শিশু, চা-বাগান এলাকার শিশু এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ব্র্যাক এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন