হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৪৫
স্বাস্থ্য ডেস্ক :
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৮:০৪
সংগৃহীত
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৫ জন আক্রান্ত হয়েছে।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬২৩ জনের।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৮৫১ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১ লাখ ২১১ জন।
প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও হামের উপসর্গে ৩২৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৮৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এসব তথ্য গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

