Logo

জাতীয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের বিমান টিকিট, লাউঞ্জসহ বিশেষ সুবিধা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৭:০৪

প্রবাসী কার্ডধারীদের বিমান টিকিট, লাউঞ্জসহ বিশেষ সুবিধা

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, প্রবাসী ভাইদের সকল ধরণের সুযোগ সুবিধা নিশ্চিতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্ট প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। 

মন্ত্রী আফরোজা খানম বলেন, ইতোমধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সাধারণের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করেছি। প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর। 

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল মোটেলগুলোতেও আমরা প্রবাসীদের জন্য বিশেষ ছাড় প্রদানের বিষয়ে ভাবছি। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসীদের জন্য Priority Check in ও Boarding সুবিধা প্রদানের ব্যবস্থাও গ্রহণ করা হবে। এসকল সুবিধা মিলবে বর্তমান সরকারের প্রবাসী কার্ডের মাধ্যমে।  

সভার শুরুতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত প্রবাসী কার্ড বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে বিভিন্ন সহযোগিতার ক্ষেত্রসমুহ উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন