পরিমাপে কারচুপি
তশোফা ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা করলো বিএসটিআই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৭:১৪
ছবি: সংগৃহীত
পরিমাপে কারচুপি করে গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ায় রাজধানীর মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (২১ জুলাই) বিএসটিআই মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী সর্বমোট চার লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটসমূহ সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়।
অভিযানকালে তশোফা ফিলিং স্টেশন, ৬৩, শহীদ তাজউদ্দিন সরণি, মহাখালী, ঢাকার চারটি ডিসপেন্সিং ইউনিট যাচাইয়ান্তে একটি অকটেন ডিসপেন্সিং ইউনিট এ প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার কম এবং তিনটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট এ প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৩০ মিলিলিটার, ২২০ মিলিলিটার ও ১৯০ মিলিলিটার জ্বালানি কম পাওয়ায় এ জরিমানা করা হয়। পরে ডিসপেন্সিং ইউনিট চারটি বন্ধ করে দেওয়া হয়।
উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র আহসান হাবীব খান, পরীক্ষক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন ।
জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
বাংলাদেশের খবর/আরইউ

