সনদ ও পুরস্কার বিতরণ
ঢাকায় টিডিপি অ্যাডভান্সড মৌলিক প্রশিক্ষণের সমাপনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ২১:০৪
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার চারটি জোনে শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) ২৪ দিন মেয়াদি ‘অ্যাডভ্যান্সড মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা ১ম ধাপ)’ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ জুলাই) বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।
একই সঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার এবং সবাইকে দেশ ও মানুষের সেবার শপথ বাক্য পাঠ করানো হয়। প্রশিক্ষণ শেষে আইন-শৃঙ্খলা রক্ষা ও সমাজ গঠনে উদ্বুদ্ধ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টিডিপি সদস্যদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পূর্ব জোনের ডেমরা ও মতিঝিল; দক্ষিণ জোনের চকবাজার ও কোতোয়ালি; পশ্চিম জোনের পল্লবী ও শেরেবাংলানগর এবং উত্তর জোনের দক্ষিণখান ও গুলশান থানার নির্ধারিত কেন্দ্রগুলোতে এই আয়োজন সম্পন্ন হয়। ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পরিচালক মো. আসাদুজ্জামান গনী প্রধান অতিথি হিসেবে সশরীরে ও ভার্চুয়ালি যুক্ত থেকে জোন অধিনায়কদের উপস্থিতিতে এই সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করেন।
প্রতিটি জোনে ১০০ জন পুরুষ ও ১০০ জন নারী এই প্রশিক্ষণে অংশ নেন। রাজধানীর মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে এবং জননিরাপত্তা রক্ষায় টিডিপি প্রশিক্ষণার্থীদের এই আধুনিক প্রশিক্ষণ অগ্রণী ভূমিকা পালন করবে। উল্লেখ্য, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা ও যাতায়াত ভাতা যার যার মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্টে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে।
বাংলাদেশের খবর/আরইউ

