Logo

জাতীয়

ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৫:৪৩

ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকায়

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও সার্জিও গর

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বাংলাদেশ সফর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সার্জিও গর ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এক বিবৃতিতে বলেন, আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।

তিনি বলেন, সার্জিও গরের এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা গর ঢাকায় তার অন্যান্য কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করবেন। 

শুক্রবার কক্সবাজার যেতে পারেন সার্জিও গর। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থা সরেজমিনে দেখবেন তিনি। 

কূটনৈতিক সূত্রগুলোর মতে, এই সফরের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের নতুন পররাষ্ট্র নীতির অগ্রাধিকার সম্পর্কে মার্কিন প্রশাসনের কাছে একটি পরিষ্কার ধারণা পাওয়া। 

সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই ভালো ছিল, এবং বর্তমান সরকারের অধীনে সেই সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। 

কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফরের মাধ্যমে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে একটি নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা উভয় দেশের। 

এ বছরের জানুয়ারিতে সার্জিও গর দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে ভারত ছাড়াও বাংলাদেশ, নেপালসহ এ অঞ্চলের বেশ কয়েকটি দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি। 

এর আগে নেপাল ও শ্রীলঙ্কা সফর করেন গর। 


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন