Logo

জাতীয়

পর্যটন মন্ত্রীর সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৭:০৩

পর্যটন মন্ত্রীর সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আনসার ও ভিডিপির মহাপরিচালক নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। গত ২১ আগস্ট এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হতে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

বৈঠকে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পেশাদারিত্ব এবং সুনামের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়টি বিশেষভাবে প্রশংসিত হয়। মন্ত্রী দেশের গেটওয়ে খ্যাত বিমানবন্দরসমূহের সার্বিক শৃঙ্খলা, যাত্রী ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় আনসার সদস্যদের নিবেদিত ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। এসময় মহাপরিচালক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনাল নিরাপত্তায় অঙ্গীভূত আনসার সদস্যদের মোতায়েন সমন্বয় সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পদক্ষেপগুলো সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনায় দেশ ও মানুষের কল্যাণে মন্ত্রণালয় ও বাহিনীর পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নে সবার আগে বাংলাদেশ মন্ত্রে উজ্জীবিত হয়ে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন