গুম-খুন ও শহিদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৫:৪৩
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে গুম, খুনের শিকার এবং জুলাই আন্দোলনে শহিদ ও গুরুতর আহতদের পরিবারকে চাকরি দিয়েছে সরকার। এমন ৭৪ জনের পরিবার ও আহতদের হাতে তুলে দেওয়া হয়েছে নিয়োগপত্র।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের ১০জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের স্বজনরা উপস্থিত ছিলেন। ৭৪ জনের মধ্যে ১০ জনের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
নিয়োগপত্র পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা।
এ ছাড়া জুলাই অভ্যুত্থানে দৃষ্টিশক্তি হারানো যোদ্ধা আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহিদ আহনাফের মা জারতাজ পারভীন এবং আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। নিয়োগপত্র পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি গুম ও খুনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার এবং প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের খবর/এইচআর

