স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ছয় মাসে দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:৩১
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে দুই লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া। এর মধ্যে ১০ হাজার নেবে বিনামূল্যে।
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মীর শাহে আলম বলেন, বিভিন্ন খাতে বাংলাদেশে দুই মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মালয়েশিয়া।
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নেওয়ার পাশাপাশি সড়ক নির্মাণে মালয়েশিয়ার প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্তের কথাও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সড়ক টেকসই করতে মালয়েশিয়ায় রাবার মিশ্রিত বিটুমিন ব্যবহার করা হয়। সেই প্রযুক্তি বাংলাদেশে সড়ক নির্মাণে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে মালয়েশিয়া।
এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতেও বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
এদিকে, রাজধানীর প্রধান সড়কে রিকশা চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ বিষয়ে ইতোমধ্যে আইন হয়েছে এবং শিগগিরই বিধিমালা চূড়ান্ত হবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, রাজধানীতে চলাচলের জন্য দুই ও চার সিটের ই-রিকশা নিবন্ধনের আওতায় আনা হবে। তবে ছয় সিটের ই-রিকশা ঢাকায় চলতে পারবে না এবং এগুলো নিবন্ধনের আওতায়ও আনা হবে না। এসব ই-রিকশা রাজধানীর বাইরে বিভিন্ন শহরাঞ্চলে নিবন্ধনের সুযোগ পাবে।
বাংলাদেশের খবর/আরইউ

