Logo

জাতীয়

সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান অনুষ্ঠান

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৩

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

ছবি: সংগৃহীত

শ্রেষ্ঠ ফায়ার স্টেশন ও অপারেশনাল কাজে সাহসিকতা প্রদর্শনকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা এবং ইনসিগনিয়া প্রদান অনুষ্ঠানে সকল কর্মকর্তাকে ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সম্মেলন কক্ষে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ‘সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান’ অনুষ্ঠানে এ কথা বলেন।

অনুষ্ঠানে সারা দেশে অপারেশনাল কাজে বিশেষ সাহসিকতা প্রদর্শন করেছেন এমন বাছাই করা ৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে মহাপরিচালকের প্রশংসা প্রদান করা হয় এবং সারা দেশে থেকে অপারেশোল ও প্রশাসনিক কাজের ওপর নির্ধারিত বিভিন্ন মানদণ্ডে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ২৮টি ফায়ার স্টেশনের প্রতিনিধির কাছে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই অনুষ্ঠানে পরিচালকদের সাথে নিয়ে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৪ জন ওয়্যারহাউজ ইন্সপেক্টরকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন মহাপরিচালক মহোদয়।

সকাল ১০ টায় ঘটিকায় অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)। এরপর মহাপরিচালক মহোদয় নির্বাচিত ৪০ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে পর্যায়ক্রমে ‘মহাপরিচালকের প্রশংসা’ লেখা ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা তুলে দেন। এরপর তিনি সারা দেশের মধ্যে নির্বাচিত ২৮টি শ্রেষ্ঠ ফায়ার স্টেশনের প্রতিনিধির মাঝে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পাঁচটি করে শ্রেষ্ঠ ফায়ার স্টেশন এবং অন্যান্য বিভাগের তিনটি করে শ্রেষ্ঠ ফায়ার স্টেশনকে পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনা অনুযায়ী সারাদেশে প্রত্যেক বিভাগে কমিটি গঠনের মাধ্যমে এ বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বাছাই প্রক্রিয়ায় শ্রেষ্ঠ ফায়ার স্টেশন নির্বাচনের জন্য গ্রুপভিত্তিক অংশগ্রহণ (পাম্প ড্রিল, ডেলিভারি হোজ লে আউট, ফায়ারফাইটিং স্যুট ও বিএ সেট পরিধান-কুইক ড্রেস, উদ্ধারকারী যন্ত্রপাতি চালনায় পারদর্শিতা, লেডার ক্লাইম্বিং), সম্মিলিত ড্রিল, বিভিন্ন রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, মহাপরিচালকের পাঠানো সকল নির্দেশনা অকারেন্স রেজিস্টারভুক্তি, দৈনন্দিন রুটিন অনুযায়ী সকল কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন, স্টেশনের জ্বালানির হিসাব, পদ্ধতি যাচাই ও পরীক্ষা-নিরীক্ষা, বিভিন্ন সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ কার্যক্রম, নিয়মিত গণসংযোগ ও টপোগ্রাফি করা হয় কিনা এবং গণসংযোগ ও টপোগ্রাফির বিষয়াদি রেজিস্টারে অন্তর্ভুক্তিকরণ, জানুয়ারি ২০২৫ হতে জুন ২০২৬ পর্যন্ত স্টেশনের শৃঙ্খলার মান, বদলি ও সংযুক্ত আদেশ যথাসময়ে কার্যকর করা, স্টেশন এলাকা ও ব্যারাক ভবনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সম্পর্কিত জ্ঞান ইত্যাদিকে মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। 

মহাপরিচালকের প্রশংসা প্রাপ্তদের মধ্য হতে তিন জন ও পদোন্নতিপ্রাপ্তদের মধ্য হতে এক জন কর্মকর্তা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রাজশাহী জেলার উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন তার প্রতিক্রিয়ায় অভিনব এমন প্রতিযোগিতা আয়োজন করায় এবং পুরস্কার চালু করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সদ্য পদোন্নতিপ্রাপ্ত ওয়্যারহাউজ ইন্সপেক্টর খালেদা ইয়াসমিন পদোন্নতি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে। 

এরপর বক্তব্য প্রদান করেন অধিদপ্তরের পরিচালক (অপা. ও মেইন.) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি ফায়ার সার্ভিসের সদ্য মৃত্যুবরণকারী এক জন ড্রাইভার ও এক জন ইন্সপেক্টরকে স্মরণ করেন। এরপর বক্তব্য প্রদান করেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন। তিনি মহাপরিচালক মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি ফায়ার সার্ভিসের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতির চিত্র তুলে ধরেন। প্রধান অতিথির ভাষণে মহাপরিচালক মহোদয় সারা দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজের প্রশংসা করেন। তিনি ফায়ার সার্ভিসের সেবার মান বৃদ্ধি করতে এমন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করতে নির্দেশনা প্রদান করেন।  

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, অধিদপ্তর ও বিভিন্ন বিভাগের উপপরিচাকগণসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সরাসরি উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভাগ ও জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন