যশোরে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৮
ছবি: সংগৃহীত
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে ৬ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্ত সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করে স্থানীয় জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আনসার-ভিডিপি সদস্যরা। জনসেবার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ও জনসম্পৃক্ততায় তাদের এ উদ্যোগ নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।
২ নং সাগরদাঁড়ী ইউনিয়নের কোমরপুর আলাউদ্দিনের মোড় থেকে শেখপাড়া পর্যন্ত বহুল ব্যবহৃত ইটের সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে কাদাযুক্ত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে স্থানীয় জনগণ, পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়, বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।
জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সাগরদাঁড়ী ইউনিয়ন ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের উদ্যোগ নেন। এর অংশ হিসেবে প্রায় ১০০ ফুট সড়কের তিনটি গুরুত্বপূর্ণ ক্ষতিগ্রস্ত স্থানে ইটের গুঁড়া ও ভিট বালু দিয়ে সংস্কার ও সমতলকরণ করা হয়। ফলে ক্ষতিগ্রস্ত অংশগুলো পুনরায় চলাচলের উপযোগী হয় এবং স্থানীয় মানুষের যাতায়াত সহজ হয়।
এ কার্যক্রমে সাগরদাঁড়ী ইউনিয়ন ভিডিপি দলনেতা মো. আলী হোসেন, সহকারী আনসার প্লাটুন কমান্ডার আনোয়ার হোসেনসহ সঞ্জীবনী প্লাটুনভুক্ত ভিডিপি সদস্যরা সরাসরি অংশগ্রহণ করেন।
ভিডিপি সদস্যদের এ ধরনের স্বেচ্ছাশ্রম জনদুর্ভোগ নিরসনের পাশাপাশি সামাজিক উন্নয়ন, জনসম্পৃক্ততা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সহায়ক ভূমিকা রাখছে। আর্থসামাজিক উন্নয়নে তৃণমূল পর্যায়ে ভিডিপি সদস্যদের এমন উদ্যোগ তাদের মানবিক দায়িত্ববোধ ও জনসেবার কার্যকর প্রতিফলন।
উল্লেখ্য, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘পিপলস্ ওয়ার ফেয়ার ডকট্রিন’-এর আলোকে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠন করেন। গ্রাম পর্যায়ে জনগণকে সংগঠিত করে জনকল্যাণমূলক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্ত করার যে লক্ষ্য নিয়ে ভিডিপি গঠন করা হয়েছিল, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে আনসার-ভিডিপি সদস্যদের এ উদ্যোগ তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
বাংলাদেশের খবর/আরইউ

