Logo

জাতীয়

ডেঙ্গুতে একদিনে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩

Icon

স্বাস্থ্য ডেস্ক :

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৫

ডেঙ্গুতে একদিনে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন সাতজনসহ চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই ৪৩ জনের মৃত্যু হয়েছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে মারা গেছেন ৭৪ জন। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগী মারা যান।

বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭৫৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৯১৬ জনে।

একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৩৮ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়েছেন ৫২ হাজার ৫৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে- ৭৪৩ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৩৪৯ জন, বরিশালে ১৮৬ জন, চট্টগ্রামে ১৭৭ জন, ময়মনসিংহে ৮৩ জন, রংপুরে ৫৩ জন, রাজশাহীতে ১৫৩ জন এবং সিলেটে নয়জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন রোগী ভর্তি ও মৃত্যুর এই পরিসংখ্যানের মধ্য দিয়ে দেশে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন