ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রার্থীরা প্রতীক পাচ্ছেন আজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৩
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আজ বৃহস্পতিবার নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।
নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, গতকাল বুধবার (৭ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সময়সীমা শেষে এ আসনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন— বিএনপির মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
এর আগে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে মির্জা ফয়সল আমিন বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপির পক্ষ থেকে মির্জা ফয়সল আমিনকে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে চিঠিও দেওয়া হয়েছে।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
বাংলাদেশের খবর/এইচআর

