প্রবাসে স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে বাংলাদেশিদের : পররাষ্ট্র উপদেষ্টা
বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২০:৫৫
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন দেশের বৈশ্বিক ব্র্যান্ডিং ও প্রভাব বৃদ্ধিতে ভূমিকা রাখতে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) প্রতি বাংলাদেশের পরিবর্তে তাদের বসবাসের দেশের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ডিং বিষয়ক প্রবাসী সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বলেন, ‘যদি আমরা বৈশ্বিকভাবে প্রভাবশালী হতে চাই, তাহলে এটাই আমাদের পথ।’
তিনি বলেন, ‘যখন এনআরবিরা তাদের বসবাসের দেশগুলোর গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন, তখন তা বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের একটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ গড়ে তোলে।’
ভারতীয় প্রবাসীদের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘ভারতীয়রা বিভিন্ন দেশের সরকার ও রাজনৈতিক সংস্থায়, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে, গুরুত্বপূর্ণ পদে থেকে বৈশ্বিক প্রভাব অর্জন করেছেন।’
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশ্বের অন্যতম বৃহৎ, যাদের শাখা বহু দেশে বিস্তৃত। তিনি প্রশ্ন করেন, ‘আপনারা কি কখনো কোনো দেশের মানুষকে বিদেশি বিমানবন্দরে কারো বিরুদ্ধে স্লোগান দিতে দেখেছেন?এ ধরনের কাজ দেশের ব্র্যান্ডিং ও ইমেজ ক্ষতিগ্রস্ত করে।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনি কখনো ভারতীয়দের এ ধরনের কাজ করতে দেখবেন না। কেন ভারতীয়রা বিদেশে বিভিন্ন সুবিধা পান, আর আমরা পাই না? কারণ আমরা স্থানীয় রাজনীতিতে কম সক্রিয়। ব্র্যান্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর পথ স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে।’
এমজে

