বোমা হামলার হুমকি : তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৩:৪২
ছবি : সংগৃহীত
বোমা হামলার হুমকি দেওয়া ইতালির রাজধানী রোম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটিতে তল্লাশি চালিয়ে বোমা ও বোমাসদৃশ কিছু পাওয়া যায়নি।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
তিনি বলেন, ‘পুরো বিমান ও যাত্রীদের সব ব্যাগেজ চেক করেও বোমা বা বোমাসদৃশ কোনো বস্তু কিংবা বিস্ফোরক কিছু পাওয়া যায়নি। তল্লাশি শেষ হয়েছে। হুমকি ও তল্লাশির বিষয়ে পরে গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে।’
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ‘আমাদের নিরাপত্তা যে কত সুসংহত, সেটা আমরা আজ বুঝিয়ে দিয়েছি। আমাদের প্রতিটি সদস্য আন্তরিকভাবে পরিস্থিতি মোকাবিলা করেছেন।’
তিনি বলেন, ‘এ ধরনের সংবাদ পাওয়ার পরপরই আমিসহ সব কর্মকর্তা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি। কোনো কিছু না পাওয়া গেলেও আমরা প্রতিটি তথ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করি। নিরাপত্তার ব্যাপারে আমরা সবসময়ই জিরো টলারেন্স।’
প্রসঙ্গত, বুধবার সকালে বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করার পর ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতা জারি করে।
ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।
ডিআর/এসবি

