দ্বিতীয় পর্বের ইজতেমায় জুমা পড়াবেন যিনি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে। এ পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন ভারতের মাওলানা মোহাম্মদ সা’দ কান্ধলভির অনুসারীরা। এদিকে প্রথম দিনের ইজতেমায় অংশ নিয়েছেন মাওলানা সাদের দুই ছেলে ছেলে মাওলানা ইউসুফ ও মাওলানা ইলিয়াস। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ইজতেমা ময়দানে প্রবেশ করেন তারা।
বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন সাদপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।
তিনি বলেন, ‘শুক্রবার সকাল ৮টা ১৫মিনিটে ময়দানে প্রবেশ করেছেন মাওলানা সাদের দুই সাহেবজাদা। পবিত্র শবে বরাত উপলক্ষে তাদের আগমনে মুসল্লিরা উচ্ছ্বসিত।’
তিনি আরও জানান, ‘ইজতেমার শিডিউল কিছুটা পরিবর্তন হয়েছে। নতুন রোস্টার অনুযায়ী আজ জুমার ইমামতি করবেন মাওলানা ইউসুফ বিন সাদ।’
এর আগে তিন দিনের এই ইজতেমায় প্রথম দিন বাদ ফজর বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার, তরজমা করেন মুফতি আজিম উদ্দিন। সকাল সাড়ে ১০টায় ময়দানের পূর্ব উত্তর-কোণের টিনশেডে ব্যবসায়ী, সরকারি বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক এবং বুদ্ধিজীবীদের উদ্দেশে আলাদা বয়ান হয়। এছাড়া জুমার নামাজের মিম্বরে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের উদ্দেশে আলাদা বয়ান হবে। এদিন ময়দানের পশ্চিম পাশে টিনশেডে শ্রবণপ্রতিবন্ধীদের উদ্দেশেও আলাদা বয়ান হবে।
বাদ জুমা থেকে চলবে ধারাবাহিক বয়ান। শুরুতে বয়ান করবেন কাকরাইল মসজিদের মাওলানা ওয়াসিফুল ইসলাম এবং বাদ আসর হাফেজ মনজুর। এসব বয়ান তরজমা করবেন মাওলানা রুহুল আমিন। আর বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা জমশেদ। তার বয়ান তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ ফজর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ, তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ, তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। আখেরি দিন রোববার (১৬ ফেব্রুয়ারি) হেদায়েতের কথা বলবেন মাওলানা ইউসুফ বিন সাদ, তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
প্রসঙ্গত, তাবলিগ জামাতের বিবদমান দুই গ্রুপ শুরায়ে নেজাম ও সাদপন্থীদের ইজতেমা আয়োজন ঘিরে নানা নাটকীয়তা ঘটেছে গত বেশকিছু দিন ধরে। অবশেষে শত সংকট কাটিয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সাদপন্থীদের বিশ্ব ইজতেমা শুরু হলো। তবে, আগামীতে টঙ্গীর ময়দানে আর কোনো ইজতেমা করতে পারবে না— এমন মুচলেকা দিয়েই ইজতেমা অনুষ্ঠান করছে তারা।
এর আগে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ধাপে ইজতেমা পালন করেন শুরায়ে নেজাম অনুসারীরা।
এনএমএম/এটিআর

