ইজতেমায় হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না : জিএমপি কমিশনার
পুলিশের কড়া নজরদারি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৫
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যে বিশ্ব ইজতেমায় হামলার আশঙ্কা রয়েছে। পুলিশ এই গুজবকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
পুলিশ কমিশনার জানান, এই গুজব মুসল্লিদের ভয় দেখানোর জন্য ছড়ানো হতে পারে, যাতে সমাগম কমে যায়। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ পুরো ইজতেমা ময়দান পুলিশের কড়া নজরদারিতে রয়েছে। চারদিকে আমাদের বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।
তিনি আরও বলেন, বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য বাহিনী দিনরাত কাজ করছে। ময়দানে থাকা মুরুব্বিরাও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করছেন, তাই কোনো ঘাটতি থাকবে না।
শুক্রবার জুমার দিন এবং রাতে শবে বরাত থাকায় এবারের বিশ্ব ইজতেমার গুরুত্ব আরও বেড়েছে। তাই মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদত করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ কমিশনার।
ঢাকা বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহম্মদ চৌধুরী বলেন, ইজতেমার আয়োজকরা আমাদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছেন এবং তারা এতে সন্তুষ্ট। এ বছর প্রায় ১০ হাজার বিদেশি মেহমান আসার কথা, যার মধ্যে অর্ধেক ইতোমধ্যেই এসে গেছেন।
এমএএস/এমএইচএস

