ইজতেমায় জঙ্গি হামলার হুমকির অভিযোগে যুবক আটক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার হুমকির অভিযোগে রনি সরকার (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) গাজীপুরের কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের একটি বাজার থেকে তাকে আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
জিএমপি কমিশনার বলেন, ‘তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত করে তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং তার পরিচয় প্রকাশ করা হবে। ওই ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে একটি সংগঠনের পরিচয় পাওয়া গেছে। তবে তাকে সরাসরি গুরুত্বপূর্ণ মনে হয়নি এবং তিনি কোনও বড় সংগঠনের প্রভাবশালী সদস্য নন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
নিরাপত্তার বিষয়ে ড. নাজমুল করিম খান বলেন, ‘মাঠে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী কাজ করছেন। আইনশৃঙ্খলা বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চারপাশে চেকপোস্ট বসানো হয়েছে, সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।’
এনএমএম/এমআই

