Logo

রাজনীতি

‘সেভেন সিস্টার্স অক্ষত রাখতে বাংলাদেশকে অষ্টম সিস্টার বানাতে চায়’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৭

অ
‘সেভেন সিস্টার্স অক্ষত রাখতে বাংলাদেশকে অষ্টম সিস্টার বানাতে চায়’

ফাইল ছবি

ভারত সেভেন সিস্টার্স অক্ষত রাখতে বাংলাদেশকে অষ্টম সিস্টার বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘বাংলাদেশকে আবার কীভাবে তাদের (ভারত) করতলে নেওয়া যায়, সেই লক্ষ্যেই তারা নীলনকশা করছে। ভারতের সরকার মনে করে, বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের সেভেন সিস্টার্স নিরাপদ থাকবে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘ভারতের বশংবদ ফ্যাসিস্ট হাসিনার পতন ও পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই মোদি ও তার গদি মিডিয়া বহুমাত্রিক ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে আসছে। তারা চরম হতাশা-আহাজারিতে নিমজ্জিত। তাদের আচরণ ক্রমশ অসুপ্রতিবেশীসুলভ, অস্বাভাবিক এবং একদেশদর্শী।’

সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘একজন স্বৈরাচারের পতন নিয়ে কোনো দেশের এমন আহাজারি বিশ্বে বিরল। ভারতের কতিপয় গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট গল্প প্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে সাম্প্রদায়িক উসকানি দিয়ে চলেছে। ভারতীয় সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী ও হাসিনার যৌথ ইন্ধনে ভারতীয় কিছু উগ্র হিন্দত্ববাদী গণমাধ্যম এমন অপকর্মে লিপ্ত হয়েছে।’

ভারত বাংলাদেশ বিদ্বেষী উল্লেখ করে রিজভী বলেন, ‘বাংলাদেশকে নিয়ে ভারতের বর্তমান বয়ান মিথ্যার ধোঁয়াজাল দিয়ে ঘেরা। ভারত অন্তর্গত দিক থেকেই বাংলাদেশ বিদ্বেষী। এদের মধ্যে মানবিক নৈতিকতার ছিটেফোঁটাও নেই। এই কারণে বাংলাদেশের মানুষের নিজস্ব ইতিহাস-ঐতিহ্য ও স্বাভাবিক বিকাশে বিশ্বাসী দেশের জনগণ ও জাতীয় নেতাদের প্রতি বিরূপ ধারণা পোষণ করে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, দুই/তিন দশক পূর্বে এদেশের এক মহান জাতীয়তাবাদী নেতা ও স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার জন্য ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- জঅড’ একটি ফাইল ইনিশিয়েট করে। এর কিছুদিন পরে সরকার পরিবর্তিত হয়ে মোরার্জী দেশাইয়ের নেতৃত্বে সরকার গঠিত হলে তিনি ফাইলের কার্যক্রম বন্ধ করে দেন।’

তিনি বলেন, ‘পরে আবার শ্রীমতি ইন্দিরা গান্ধী ক্ষমতাসীন হলে ফাইলটির কার্যক্রম চালু হয়ে এবং এর কিছুদিন পরে ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান নিহত হন। ভারতেরই একটি পত্রিকা সানডে-তে এর ওপর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সাংবাদিক সুব্রামনিয়ম প্রতিবেদনটি রচনা করেন। সুতরাং আওয়ামী লীগ ব্যতিরেকে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকেই ভালো চোখে দেখে না তারা।’

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের অভ্যুদয় হয়নি জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ঐতিহাসিক কাল ধরে বিভিন্ন সম্প্রদায় প্রীতি ও শুভেচ্ছার বন্ধনে আবদ্ধ। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের কোনো কারণের অভ্যুদয় হয়নি। কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে হাইপার প্রোপাগান্ডা চালানো হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের।’

ভারত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচকভাবে চিত্রিত করার জন্য ভারত উঠেপড়ে লেগেছে। বাংলাদেশ থেকে দুঃশাসনের অবসান হওয়া, হাসিনার পালিয়ে যাওয়া ইত্যাদি তাদের মনে ভীষণ পীড়া দিচ্ছে। তাই বাংলাদেশকে লাঞ্ছিত করতে, দুর্দশায় ফেলতে, অবমাননা করতে চলছে অতিকথন আর অপপ্রচারের বিরতিহীন ধারাভাষ্য। তথাপিও যাবতীয় ভয়, হুমকি ও দুর্বিপাকের মধ্যেও বাংলাদেশিরা মৃত্যুঞ্জয়ী সংকল্পে সব চক্রান্তকে প্রতিহত করবে।’

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন