তারেক রহমান খালাস পাওয়ায় মির্জা ফখরুলের স্বস্তি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:০২
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বাংলাদেশ সময় সাড়ে ৩টায় লন্ডন থেকে এক বিবৃতিতে তিনি স্বস্তির কথা জানান।
তিনি বলেন, ‘বিচারিক আদালতের রায় বাতিল করে আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করায় মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এই রায়ে প্রমাণ হলো, আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তারেক রহমানের বিরুদ্ধে আনীত মামলার অভিযোগ তিনি আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন।’
তিনি আরও বলেন, ‘ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে, তারেক রহমানের বিরুদ্ধে আনীত সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল।’
বিএনপি মহাসচিব সারাদেশে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মহান আল্লাহর দরবারে দোয়া করার জন্য।
এমজে

