দিল্লির দাসত্বকে খান খান করে দেব : রিজভী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৯
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দিল্লির দাসত্বকে আমরা খান খান করে দেব। ভারত নিজেদের ধর্মনিরপেক্ষ দেশ বলে দাবি করে। অথচ তাদের মিডিয়া বাংলাদেশের নামে খেয়ে না খেয়ে অপপ্রচার চালাচ্ছে।’
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার প্রতিবাদে বুধবার (৪ ডিসেম্বর) প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
ভারতকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘আপনারা আমাদের পাশাপাশি দেশ হয়েও শেখ হাসিনার পক্ষ নিয়ে এ দেশের শহীদদের বিরুদ্ধে কথা বলছেন। মুগ্ধদের বিরুদ্ধে কথা বলছেন। অথচ এই হাসিনার জুলুম থেকে হিন্দু-মুসলিম কেউই রক্ষা পায়নি।’
রিজভী আরও বলেন, ‘বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ। হাসিনা ছাড়া এ দেশের কোনো রাজনীতিবিদই অন্য ধর্মের প্রতি কটাক্ষ করে কথা বলেন না।’
পূজা উদযাপন ফ্রন্টের সভানেত্রী অর্পনা রায় দাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বিএনপির মীর সরাফত আলী সপু, অমলেন্দু দাস অপু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের আমীরুল ইসলাম কাগজী, সাঈদ খান, পূজা উদযাপন ফ্রন্টের দেবাশীষ রায় মধু সুরঞ্জন ঘোষ, গৌতম বৈদ্য, জয়দেব প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ডিআর/এটিআর

