Logo

রাজনীতি

জনগণের শক্তিই বিএনপির শক্তি : এমরান সালেহ প্রিন্স

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫

জনগণের শক্তিই বিএনপির শক্তি : এমরান সালেহ প্রিন্স

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘জনগণের শক্তিই বিএনপির আসল শক্তি। এই শক্তিতে বলীয়ান হয়েই বিএনপি রাজনীতি ও নির্বাচন করে। দীর্ঘ সময় ফ্যাসিবাদের যাঁতাকলে পিষ্ট হয়ে দেশের মানুষ আজ বিপর্যস্ত। জনকল্যাণে ও দেশের উন্নয়নে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতেই বিএনপি রাজপথে ছিল এবং এখন নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে।’

সোমবার (২ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের দুর্গম গ্রাম বহরভিটাসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে বিএনপি যুগান্তকারী ও বৈপ্লবিক কর্মসূচি নিয়ে হাজির হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। একই সাথে গ্রাম ও শহরের দল-মত নির্বিশেষে সকল ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের ভাগ্য পরিবর্তন ও অধিকার রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করবে বিএনপি।

কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির মূল লক্ষ্য— এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমরা সাধারণ মানুষের জন্য বাস্তবসম্মত কর্মসূচি দিয়েছি।’

ধোবাউড়া ও হালুয়াঘাট এলাকার স্থানীয় সমস্যাগুলো তুলে ধরে তিনি বলেন, ‘এই অঞ্চলের রাস্তাঘাটের বেহাল দশা, কৃষিপণ্যের ন্যায্যমূল্যের অভাব, সীমান্ত এলাকার নিরাপত্তা ও কর্মসংস্থানের সংকট সমাধানে বিএনপি বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছে। জনগণের সমর্থন পেলে এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।’

পথসভা ও উঠান বৈঠকে তিনি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বাক্সে এবং সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, জনগণের ঐক্য ও অংশগ্রহণের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক বাংলাদেশ গড়া সম্ভব।

গণসংযোগকালে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর