নির্বাচনে ধানের শীষের প্রার্থীরাই ভোট পাওয়ার অধিকার রাখেন : খোকন
সুমন রায়, নরসিংদী
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৪
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, দীর্ঘ ১৭ বছর মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। জিয়া পরিবারের ত্যাগ ও বহু নেতাকর্মীর রক্তের বিনিময়ে বর্তমান মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরাই ভোট পাওয়ার অধিকার রাখেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, নারীদের ভোটই আগামী ক্ষমতা নির্ধারণ করবে। বিএনপি ক্ষমতায় এলে নারীদের পূর্ণাঙ্গ অধিকার বাস্তবায়ন করা হবে। যারা নতুন করে ক্ষমতায় আসতে চাইছেন, দেশের জন্য তাদের কোনো অবদান নেই। দেশ চালানোর তাদের কোনো অভিজ্ঞতাও নেই। একমাত্র বিএনপি ছাড়া দেশ পরিচালনার মতো কোনো দল নেই। বিএনপিই ন্যায়নীতি প্রতিষ্ঠা করে দেশ চালাতে সক্ষম। যারা ধর্মের দোহাই দিয়ে ও জান্নাতের টিকিট বিক্রি করে ভোট চান, তারা শুধু মানুষকে ধোঁকা দিতে চান।
দিনব্যাপী ইউনিয়নে প্রচারণায় স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এআরএস

