ভোটের মাঠে শালীনতা বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৪
ফাইল ছবি
ভোটের মাঠে কাজ করতে গিয়ে শালীনতা ও যুক্তির সীমা অতিক্রম না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে গিয়ে অনেক সময় একে অপরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পোস্টে তিনি আরও লেখেন, সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে কোনো অবস্থাতেই সেই সমালোচনা শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়। যুক্তি ও ভদ্রতার সঙ্গে সমালোচনা করাই হওয়া উচিত রাজনৈতিক চর্চার মানদণ্ড।
ডা. শফিকুর রহমান বলেন, এমন কোনো ভাষা ব্যবহার করা কাম্য নয়, যা নিজের ক্ষেত্রে বা অন্যের ক্ষেত্রে প্রয়োগ করলে কেউ আহত বোধ করেন। এমনকি প্রিয় কোনো মানুষকে রুচিবহির্ভূতভাবে সমালোচনা করা হলেও তার জবাব হওয়া উচিত উত্তম ভাষায় এবং যুক্তিপূর্ণভাবে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এটাই আমাদের শিক্ষা এবং রাজনৈতিক সংস্কৃতির অংশ হওয়া উচিত।
এএস/

