শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮
জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে রাত ৩টা ২৪ মিনিটে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। একই তথ্য নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। দ্রুত তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ময়মনসিংহে নেওয়ার পথে রাত ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া অপর এক পোস্টে বলা হয়, নুরুজ্জামান বাদল কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
পোস্টে আরও বলা হয়, আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।
নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুরে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এমএইচএস

