নির্বাচনী প্রচারণায় আজ বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযানের অংশ হিসেবে দীর্ঘ প্রায় দুই দশক পর আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল ও ফরিদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
নির্বাচনী কর্মসূচি অনুযায়ী, দুপুর ১২টায় বরিশাল নগরের বেলস পার্ক ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ জনসভাকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ইতোমধ্যে জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
বরিশাল সফর শেষে একই দিন ফরিদপুর যাবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে দুপুর ২টায় শহরের রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। ওই দিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে ধারাবাহিক নির্বাচনী সমাবেশে অংশ নেন।
এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম সফরে গিয়ে ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সুয়াগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করেন তিনি। পরে ময়মনসিংহ থেকে ঢাকার পথে আরও তিনটি নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপির চেয়ারম্যান।
দলীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনে ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে সারাদেশে ধারাবাহিকভাবে জনসভা ও গণসংযোগ অব্যাহত রাখবেন তারেক রহমান।

