বরিশাল বেলস পার্কে জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৬
বরিশাল বেলস পার্কে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
নির্বাচনী প্রচারণায় অংশ নিতে প্রায় দুই দশক পর বিভাগীয় শহর বরিশালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে তিনি বরিশালে পৌঁছান এবং পৌনে একটার দিকে নগরীর বেলস পার্ক মাঠে আয়োজিত বিভাগীয় জনসভা মঞ্চে যোগ দেন।
বিএনপি চেয়ারপার্সনের আগমনকে ঘিরে গোটা বরিশাল নগরীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ছেয়ে গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনসভায় বিএনপির নির্বাচনী পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরবেন তারেক রহমান। পাশাপাশি জনসমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তিনি।
বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি মনোনীত ১৯ জন এবং শরিক দলগুলোর প্রার্থীরা এ জনসভায় উপস্থিত হয়েছেন। তারেক রহমান তাঁদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করবেন।
দীর্ঘদিন পর শীর্ষ নেতাকে সরাসরি দেখতে পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় নেতা-কর্মীরা। তারা জানান, বরিশাল বিভাগের উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠায় বিএনপি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
বরিশালের এই জনসভা শেষে তারেক রহমানের হেলিকপ্টারযোগে ফরিদপুর যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি আরেকটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
গাজী আরিফুর রহমান

