জামায়াত আমির
ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪২
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব। আমরা কথা দিচ্ছি, অন্যান্য ধর্মের ভাই-বোনদের বুকে আগলে রাখবো। আমরা সুখে আছি, দুঃখেও আছি।‘
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে লালমনিরহাট ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা বিপদের সময় দেশ ছেড়ে যাই না, মাটি কামড়ে পড়ে থাকি। আমরা তোমাদের নিয়ে এগিয়ে যাবো। কেউ আমাদের থামাতে পারবে না।’
শফিকুর রহমান তার বক্তব্যে আরও বলেন, ‘উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব। তখন কর্মসংস্থান যেমন হবে, আমাদের উৎপাদিত ফসল বিদেশে রপ্তানি করা হবে। নারী-পুরুষরা কাজ পাবে, সেইদিন কেউ আর বেকার থাকবে না।’
তিনি দেশবাসীর কাছে আবেদন করে বলেন, ‘আমরা দেশবাসীর কাছেই আশ্রয় চাই। মানুষ তোমাদের অনেক দেখেছে, এখন বিশ্রামে যাও; এবার আমাদের একটু সুযোগ দাও।’
জনসভায় লালমনিরহাট ও নীলফামারীর বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার সমর্থক অংশগ্রহণ করেন।
রাহেবুল ইসলাম টিটুল/এআরএস

