এবার জালিয়াতি আর জবরদস্তির ভোট হবে না : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রজনতার আন্দোলনের ফলে আমাদের ভোট দেওয়ার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এবারের ভোটে জালিয়াতি আর জবরদস্তির ভোট হবে না। একটি সুন্দর ভোট হবে। কারণ, যে সরকার এখন আছে, এ সরকার একটি নিরপেক্ষ সরকার।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সদর উপজেলার আকচা ইউনিয়নে ফারাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, আমরা রাজনৈতিক দলগুলো এবার নিরপেক্ষ ভোট চাই। সেনাবাহিনীও নিরপেক্ষ ভোট চায়। এবারের সম্ভাবনা খুব বেশি— একটা সুন্দর ভোট হবে। তাহলে এবারের ভোটের মধ্য দিয়ে সুন্দর সরকার গঠন করতে পারি। যারা আমাদের দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করবে। আমার দেশের মানুষের আয় বাড়ানোর জন্য পথ বের করবে, সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যবস্থা করবে।
তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিয়ে যদি ধানের শীষকে জেতাতে পারেন, তবে আমি সবার আগে যেটা করতে চাই সেটা হলো আমি সবার আগে হিন্দু-মুসলমানের সম্প্রীতি করতে চাই। একটা সম্পর্ক তৈরি করতে চাই।
বিএনপির মহাসচিব বলেন, আমি কারিগরি শিক্ষার দিকে মনোনিবেশ করতে চাই। যেন আমাদের ছেলেমেয়েরা বাড়িতে বসে ২ থেকে ৩ লাখ টাকা আয় করতে পারে। মেয়েদের নার্সিং ট্রেনিং করাতে চাই। আমি কৃষকদের উৎপাদিত সবজির যেন সঠিক মূল্য পাই। আমরা এখানে স্পেশালাইজড কোল্ড স্টোরেজ করতে চাই।
মির্জা ফখরুল আরও বলেন, আপনারা স্লোগান দেন। কিন্তু বুঝতে হবে— স্লোগানের রাজনীতি শেষ। আমরা কাজের রাজনীতি করতে চাই।
এ সময় তারেক রহমানের প্লানের কথা বলেন মির্জা ফখরুল। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের কথা বলেন এবং ধানের শীষে ভোট চান। সেই সঙ্গে সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আবু সালেহ/এমবি

