Logo

রাজনীতি

নির্বাচনে বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে : আমিনুল হক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৫

নির্বাচনে বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে : আমিনুল হক

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। ছবি : বাংলাদেশের খবর

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করতে কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। তিনি স্পষ্ট করে বলেন, কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালায়, তবে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রচারণার ১৫তম দিনে পল্লবীর ‘ধ’ ব্লকের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় নিজ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি কোনো প্রকার প্ররোচনায় পা না দেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেন।

গণসংযোগকালে আমিনুল হক সাংবাদিকদের বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হওয়াই আমাদের মূল লক্ষ্য।’ তিনি আরও উল্লেখ করেন, এখন পর্যন্ত নির্বাচনী এলাকায় প্রচারণার পরিবেশ সন্তোষজনক রয়েছে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারছে।

প্রচারণা চলাকালে তিনি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আনেন। তিনি বলেন, ‘জনসমর্থন না থাকায় জামায়াতে ইসলামী সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোট সংগ্রহের চেষ্টা করছে।’ এ সংক্রান্ত ভিডিও ক্লিপ ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ইতোমধ্যে দলীয় কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে। শিগগিরই রিটার্নিং কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে বলে তিনি নিশ্চিত করেন।

সকাল থেকেই পল্লবীর অলিগলিতে প্রচারণায় নামলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক স্থানে স্থানীয় বাসিন্দারা স্বপ্রণোদিত হয়ে বাসা থেকে বেরিয়ে এসে তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় এলাকাবাসী তাদের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা ও নাগরিক ভোগান্তির কথা তার কাছে তুলে ধরেন। আমিনুল হক ধৈর্যসহকারে তাদের অভাব-অভিযোগ শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলো সমাধানের দৃঢ় প্রতিশ্রুতি দেন।

গণসংযোগ শেষে তিনি ভোটারদের মধ্যে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সংবলিত লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএএস/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর